নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর গেটের বাইরে যৌথ অভিযান চালিয়ে ২৬১ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে হাসপাতালের পুলিশ বক্স ও আনসার সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে একটি সাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে হাসপাতালের ৬ নম্বর গেটের বাইরে এ অভিযান চালানো হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৬ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তিরা হলেন, রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকার মহির শেখের ছেলে মো. মতিউর রহমান মতি (৫২) এবং বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (৫৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মাইনুল ইসলাম ও সহকারী আনসার প্লাটুন কমান্ডার গোপন সূত্রে খবর পান, হাসপাতালের ৬ নম্বর গেটের বাইরে দুই ব্যক্তি গাঁজা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ও সহকারী ইনচার্জকে জানানো হয়। পরে পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আনসার প্লাটুন কমান্ডার, সহকারী আনসার প্লাটুন কমান্ডার ও দুই আনসার সদস্য যৌথ অভিযান চালান। এ সময় ২৬১ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা একটি সাইকেল ও একটি অটোরিকশাও জব্দ করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে, আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের আশপাশে মাদক বিক্রি ও সেবন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।