চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর নবম দিনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪৯ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ সময় চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ ঘাটের দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। অভিযান সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়। অভিযানে জব্দ করা চার কেজি ইলিশ মাছ ঘাটের দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।