এস.এম.আব্দুর রাজ্জাক

সাংবাদিকতা একটি মহান ও সম্মানজনক পেশা। সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ, আর সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরাই এই পেশার মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ প্রবাহের যুগে এসে সাংবাদিকতার এই পবিত্রতা চরমভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখন কেবল একটি স্মার্টফোন, একটি মাইক্রোফোন আর অনুমোদনহীন লোগো ব্যবহার করে যে কারও 'সাংবাদিক' বনে যাওয়ার প্রবণতা সাংবাদিকতা পেশার জন্য এক ভয়াবহ অশনিসংকেত।

বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ

বর্তমানে খুব সহজেই চোখে পড়ে, একশ্রেণির মানুষ নিজস্ব ফেসবুক পেজে বিভিন্ন সামাজিক বা স্থানীয় ঘটনা লাইভ করে বা লেখালেখি করে নিজেদের সাংবাদিক হিসেবে জাহির করছেন। তাদের হাতে থাকা মাইক্রোফোনে শোভা পাচ্ছে বিভিন্ন বাহারি লোগো ও স্টিকার। এদের অনেকেই কোনো অনুমোদিত গণমাধ্যমের সঙ্গে যুক্ত নন। ফলে সাধারণ মানুষ প্রকৃত সাংবাদিক এবং অপসাংবাদিকতার মধ্যে পার্থক্য করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। এই সুযোগে অনেকেই সাংবাদিকতার নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ উদ্ধার করছেন, যা গোটা গণমাধ্যমের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ভুয়া পরিচয়পত্র বা 'প্রেস কার্ড' বাণিজ্য। অভিযোগ রয়েছে, একটি অসাধু চক্র অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দালালের মাধ্যমে ইউনিয়ন, থানা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকতার ভুয়া কার্ড বিক্রি করছে। নামমাত্র প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। অনেকেই কেবল সমাজে প্রভাব বিস্তারের লোভে অর্থের বিনিময়ে এই পরিচয়পত্র সংগ্রহ করছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া সংবাদ তৈরি ও প্রচার করার প্রবণতাও আশঙ্কাজনক হারে বাড়ছে।

অথচ সাংবাদিকতা কোনো সাধারণ পেশা নয়, এটি একটি গুরুদায়িত্ব। ইংরেজি ‘নিউজ’ (NEWS) শব্দটির মাঝেই লুকিয়ে আছে এর প্রকৃত অর্থ—উত্তর (North), পূর্ব (East), পশ্চিম (West) ও দক্ষিণ (South)। অর্থাৎ, চারপাশের বিভিন্ন ঘটনা সম্পর্কে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করাই হলো প্রকৃত সাংবাদিকতা। একজন পেশাদার সাংবাদিক জাতীয় দৈনিক পত্রিকা বা অনুমোদিত টেলিভিশন চ্যানেলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও নৈতিকতা অনুসরণ করেন। তার সংবাদের প্রতিটি শব্দ তথ্য-উপাত্ত দিয়ে যাচাই করা থাকে, যা ফেসবুকভিত্তিক ভুয়া সাংবাদিকদের থাকে না।

আমাদের মনে রাখা প্রয়োজন, গলায় একটি পরিচয়পত্র ঝুলিয়ে বা হাতে একটি মাইক্রোফোন নিলেই কেউ সাংবাদিক হয়ে যান না। সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় এসব বাহ্যিক উপকরণ কখনোই প্রকৃত পরিচয় হতে পারে না। পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাইয়ের সক্ষমতা, নৈতিকতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনই হলো একজন সাংবাদিকের আসল পরিচয়।

সাংবাদিকতার নামে এই ভুয়া পরিচয়, অপসাংবাদিকতা ও প্রেস কার্ড বাণিজ্য অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। তা না হলে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও গ্রহণযোগ্যতা অচিরেই হুমকির মুখে পড়বে। সাংবাদিকতার আড়ালে গড়ে ওঠা এই দৌরাত্ম্য রুখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন এবং গণমাধ্যমগুলোর নীতিনির্ধারকদের এখনই কঠোর ও কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, অপসাংবাদিকতার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।

(