চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের চার দশকেরও বেশি সময়ের জনসেবা, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সম্পৃক্ততার স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটি।

এ উপলক্ষে সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা হিসেবে ‘প্রোক্লেমেশন’ বা প্রশংসাপত্র দেওয়া হয়েছে।  

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েগ আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য আবু সুফিয়ানের হাতে এ সম্মাননাপত্র তুলে দেন।

মেয়র আন্দ্রে সায়েগ স্বাক্ষরিত প্রশংসাপত্রে আবু সুফিয়ানের দীর্ঘদিনের জনসেবা, রাজনৈতিক নেতৃত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনগণের কল্যাণে তার অবদানের কথা তুলে ধরা হয়।প্রশংসাপত্রে বলা হয়, চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে আবু সুফিয়ানের রাজনৈতিক ও নেতৃত্বের পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

এতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি জাতীয় সংসদের চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি নগর উন্নয়ন, অবকাঠামো আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন, পৌর ও নাগরিক সেবার উন্নয়ন, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করছেন।

প্যাটারসন সিটি কর্তৃপক্ষের ভাষ্য, দীর্ঘদিনের নেতৃত্ব, নাগরিক দায়বদ্ধতা, কমিউনিটি উন্নয়ন এবং জনগণের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে আবু সুফিয়ানকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কমিউনিটি উন্নয়ন, স্থানীয় রাজনীতি, সাংস্কৃতিক বিকাশ, মানবাধিকার রক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের ‘প্রোক্লেমেশন’ বা সম্মাননাপত্র দিয়ে স্বীকৃতি দিয়ে থাকে প্যাটারসন সিটি।