স্টাফ রিপোর্টার:

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দীর্ঘ পথচলা অতিক্রম করে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক মজলুমের কণ্ঠ’। এ উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা, সুধী সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়।

পত্রিকাটির ধনবাড়ী প্রতিনিধি এস. এম. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সহ-সভাপতি আবদুর রাজ্জাক, মধুপুর-ধনবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রিন্স এডওয়ার্ড মাংসাং এবং ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

অনুষ্ঠানে ধনবাড়ী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য পলাশ ইসলাম, জাহিদ সরকার, কবির হোসেন, এস. এম. সাইমুজ্জামান তুহিন ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে দৈনিক মজলুমের কণ্ঠ পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দৈনিক মজলুমের কণ্ঠ গত তিন দশকেরও বেশি সময় ধরে অবহেলিত ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরে আসছে। অপসাংবাদিকতার ভিড়ে নীতি ও আদর্শ ধরে রেখে ধনবাড়ীসহ পুরো টাঙ্গাইল অঞ্চলে পত্রিকাটি পাঠকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।” আগামী দিনগুলোতেও জনস্বার্থ ও সত্যের পক্ষে পত্রিকাটির এই সাহসী ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পত্রিকাটির প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত সুধীজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাঠকদের অকৃত্রিম ভালোবাসা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতাই আমাদের ৩২ বছরের পথচলার মূল প্রেরণা। ধনবাড়ীর স্থানীয় সম্ভাবনা, সমস্যা ও গণমানুষের দাবি তুলে ধরতে দৈনিক মজলুমের কণ্ঠ ভবিষ্যতেও আপসহীন থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অক্ষুণ্ণ রাখবে।”

আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরিশেষে পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।