সেবামূলক বৃদ্ধ নিবাস ট্রাস্ট’ গঠনের মাধ্যমে নিরাপদ আবাসন, চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ

‘আমাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধই গড়ে তুলবে একটি সুন্দর মানবিক সমাজ’—এই প্রত্যয়কে ধারণ করে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ববোধের অংশ হিসেবে প্রবীণদের কল্যাণে নতুন উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী গণমাধ্যম ‘দ্য ফিন্যান্স টুডে’ পরিবার।

প্রবীণ নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (৮ আগষ্ট) রাজধানীর ওয়েষ্টন রেস্টুরেন্টে ‘সেবামূলক বৃদ্ধ নিবাস ট্রাস্ট’ গঠনের পর প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের সরব উপস্থিতি 'দ্য ফিন্যান্স টুডে'র নতুন পথচলায় অনুপ্রেরণার টনিক জুগিয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে একদিকে যেমন ছিলেন বাংলাদেশের গনমাধ্যম জগতে মো: মতিউর রহমানের দীর্ঘদিনের পথচলার সঙ্গী, অভিজ্ঞ ও সিনিয়র সাংবাদিকবৃন্দ; তেমনি উপস্থিত ছিলেন উদীয়মান এবং তরুণ প্রজন্মের গনমাধ্যমকর্মীরাও। অন্যদিকে, মতিউর রহমানের ব্যবসায়ী ও পেশাজীবি বন্ধুদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, দানিয়েল, বাবুল হাওলাদার, হাসান মোল্লা, মো: আহসান হাবিব, বিশিষ্ট গবেষক, লেখক ও পরিবেশবিদ ড. মোহাম্মদ সেলিম রেজা, বিশিষ্ট গবেষক ও প্রোজেক্ট প্রোফাইল কনসাল্টেন্ট আবু মোহাম্মদ হোসেন (মানিক), পরিবেশবিদ ও মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা বাপ্পি সরদার, আইএফআইসি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আবুল কালাম গোমস্তা, প্রফেসর বাবুল আহমেদ সহ আরও অনেকেই।

 

এই মতবিনিময় সভায় আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আনিসউর রহমান আনিস, দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আরিফ, দৈনিক বঙ্গজননী পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়া, ওল্ড ঢাকা জার্নালিস্ট ফোরামের সভাপতি সালাউদ্দিন মিঠু, ফিরোজ চাষী, দৈনিক সমাবেশের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মাসুম, আরটিভির রিপোর্টার আবু তাহের বাপ্পা, জাতীয় খবরের চিফ রিপোর্টার জাকির হোসেন পাটোয়ারী, দৈনিক বর্তমান দিনের সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির, দৈনিক গণজাগরণ ও দ্য ক্যাপিটাল নিউজ পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এমএম রহমাতুল্লাহ, দৈনিক সমাবেশের নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক কালের ছবি পত্রিকার সম্পাদক জাহিদুল ইসলাম শিশিরসহ "দ্য ফিন্যান্স টুডে," "দৈনিক বর্তমান দিন" এবং "দ্য ইনভেষ্টর" পরিবারের সদস্যগন।

 

এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব মো. মোশারফ হোসেন রাজু।

সমাজের প্রবীন জনগোষ্ঠীর সার্বিক মানোন্নয়নের ন্যায় মানবিক এই উদ্যোগের স্বপ্নদ্রষ্টা মো: মতিউর রহমান স্বপরিবারে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এসময় তার একমাত্র পুত্র রাজের উৎসুক চাহনিতে প্রবীণ প্রজন্মের প্রতি গভীর শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা স্পষ্ট প্রতীয়মাণ হয়। তবে, মো. মতিউর রহমানের একমাত্র কন্যা জুনাইরা জাহিন নীলাঞ্জনার বক্তব্য অনুষ্ঠানস্থলে আবেগঘন এক পরিবেশ তৈরি করে। ছোট্ট নীলাঞ্জনা তার বাবার এই স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন তা উপস্থিত সকলেরই দৃষ্টি কেড়েছে। এসময় অতিথিদের অনেকেই তার ভূয়সী প্রশংসায় মেতে উঠেন এবং রাজ ও নীলাঞ্জনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করেন।

 

‘সেবামূলক বৃদ্ধ নিবাস ট্রাস্ট’-এর আওতায় নতুন কার্যক্রম পরিচালনার উদ্যোগের বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু একটি সেবামূলক কার্যক্রম নয়; বরং প্রবীণদের প্রতি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ব পালনের একটি সম্মিলিত প্রয়াস।

 

দেশের বিভিন্ন প্রান্তে অনেক প্রবীণ নাগরিক নানা কারণে পরিবার ও সমাজে অবহেলা, একাকীত্ব ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অর্থনৈতিক সংকট, সন্তানদের ব্যস্ততা, পারিবারিক বিচ্ছিন্নতা, চিকিৎসার অভাব কিংবা আশ্রয়ের অনিশ্চয়তার কারণে জীবনের শেষ সময়ে অনেক প্রবীণকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই প্রবীণদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।