বগুড়ায় ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন

মো. শামসুল আলম লিটন, ব্যুরো প্রধান (উত্তরবঙ্গ):

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশিদ চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, অতীতেও যখনই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তখনই একটি রাজনৈতিক দল নানা ধরনের বাধা সৃষ্টি করেছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে তারেক রহমান ও দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই তিনি মেনে চলবেন।