ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দোয়া, মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে দলের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য খোশাল খাঁন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনপিপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সহ-সভাপতি লিয়াকত আলী এবং সম্পাদক নুরুচ্ছাফা সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এনপিপির ১৯ বছরের রাজনৈতিক পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।