বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মোঃ শামসুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া, ৬ জুলাই ২০২৬: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ নানা আয়োজনে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, উপকারভোগীদের মাঝে চেক বিতরণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়া সদর ইউসিসিএ লিঃ-এর সভাপতি জয়নাল আবেদিন চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো শক্তিশালী পল্লী অর্থনীতি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সমবায় কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। পরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।