এস.এম.আব্দুর রাজ্জাক,নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী:

 টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঢাকা-জামালপুর মহাসড়কের তিতাস পাম্প সংলগ্ন জমিদার বাড়ি যাওয়ার রাস্তার মুখে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম বন্যা। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে রাস্তার ওপর হাঁটুপানি জমে থাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা: স্থানীয়দের অভিযোগ, ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়রের আমলে মহাসড়কের দুই পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসছে না। ড্রেনটি রাস্তা থেকে প্রায় এক ফুট উঁচুতে নির্মাণ করায় রাস্তার পানি ড্রেনে না ঢুকে উল্টো জলাবদ্ধতা তৈরি করছে। নিয়ম অনুযায়ী বাজার ও তেতুলতলা এলাকার পানি ড্রেন দিয়ে উত্তর দিকে গিয়ে নদীতে পড়ার কথা থাকলেও ত্রুটিপূর্ণ পরিকল্পনার কারণে পরিস্থিতি এখন ভয়াবহ।

বাড়িতে ঢুকছে পানি, বাড়ছে দুর্ভোগ: সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই ধনবাড়ী মহিলা কলেজ মোড় ও আশপাশের পানি তিতাস পাম্পের সামনে দিয়ে রাস্তা পার হয়ে জনবসতিতে ঢুকে পড়ছে। এতে ধনবাড়ী উপজেলা মহিলা দলের নেত্রী পিয়ারা বেগমের বাড়িসহ ওই এলাকার অসংখ্য বসতবাড়িতে প্রায় গলা সমান পানি হয়ে যাচ্ছে। এতে আসবাবপত্র ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তি: এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে যাতায়াত করে। রাস্তার নোংরা পানি মাড়িয়ে স্কুলে যাওয়ার সময় শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যাচ্ছে, যা তাদের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। এছাড়া সড়কে জমে থাকা পানির কারণে গর্ত দেখা না যাওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা: জলাবদ্ধতার এই দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে ধনবাড়ীর সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। এই জনদুর্ভোগ নিরসনে এবং ত্রুটিপূর্ণ ড্রেন সংস্কার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে ধনবাড়ী উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।