বিএনপির কোন নেতা কর্মী মাদক কারবারের সাথে যুক্ত থাকলে গ্রেপ্তার করুন

--- ওয়ারেছ আলী মামুন এমপি

জামালপুর প্রতিনিধি 

বুধবার জামালপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন সমাজে বিদ্যমান অধিকাংশ অপরাধের মূলে মাদক। মাদকসেবীর চেয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে পারলে সমাজে শান্তি, স্থিতিশীলতা ফিরে আসবে। মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে মানুষ মুক্তি পাবে। 

তিনি জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে উদ্দেশ্য করে বলেন, বিএনপির কোন নেতা কর্মী যদি মাদক কারবারের সাথে যুক্ত থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করুন। রাজনৈতিক প্রভাবমুক্ত থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা সহজেই সম্ভব হবে।

সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন বলেন মটর সাইকেলে বৈধ কাগজ পত্র এবং হেলমেট না থাকলে জ্বালানী তেল না দিয়ে সেই গাড়ি জব্ধ করে থানায় পাঠান। এতে তেলের সংকট অনেকাংশে কমে আসবে এবং দূর্ঘটনা হ্রাস পাবে। তিনি কিশোর অপরাধ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোন গড়ে তোলার আহ্বান জানান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাদের উদ্দেশ্য করে দৃঢ়তার সাথে বলেন আমি দুর্নীতি করবো না অন্য কাউকে দুর্নীতি করতে দিব না।

সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাংলারচিটি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে ২০২৫-২০২৬ অর্থ বছরে এডিপির আওতায় গৃহীত প্রকল্পের অধীনে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত স্বল্পআয়ের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ক্যপশন: সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।