নিজস্ব প্রতিবেদক 

সময়ের সাথে প্রতিদিন 

ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কোতোয়ালী থানাধীন বেগুনবাড়ি মোড় সংলগ্ন হারাটি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুস সাকিব।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রাজীব পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১৩-২০৬৫) নামক একটি বাস বেগুনবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে জোরালো সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন।নিহত অটোরিকশা চালকের নাম আব্দুল কদ্দুছ (৬৫)। তিনি ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা গ্রামের মৃত নগর আলীর ছেলে।দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন— মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামের হাসিম উদ্দিনের ছেলে তৌহিদ (৩৮) এবং একই উপজেলার বালিয়াজি খেরুয়াজানী গ্রামের মৃত আলতাব আলী সরকারের ছেলে নজরুল মিয়া (৬০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।অবস্থার অবনতি হলে তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে আটক করেছে। ঘটনার পর কিছুক্ষণ যানচলাচল বিঘ্নিত হলেও বর্তমানে রাস্তাটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।কোতোয়ালী থানার ওসি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।