জামালপুর জেলা প্রতিনিধ আকাশ চন্দ্র সরকার 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ—না ভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পানকাতা স্কুলে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোফাখখারুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উপস্থিত অভিভাবকদের সামনে গণতান্ত্রিক অধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরা নাটিকা পরিবেশন, বক্তৃতা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ভোট প্রদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করে, যা অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এ সময় অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের ভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোফাখখারুল ইসলাম বলেন,
“ভোট কেবল একটি অধিকার নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের কাছে সচেতনতার বার্তা পৌঁছানো সবচেয়ে কার্যকর পদ্ধতি।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।