সারাদেশ
মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু হাসান।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন যুবদলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও খায়রুল বাসার। এ ছাড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ যুবদলের ২৫টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে শুরু হয়ে বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বগুড়া জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ ২৫টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত।
EDITOR
|
27 October, 2026, 04:34 AM
|
28 বার পঠিত
আরও সংবাদ
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

