মো: আজাদ খান, চিতলমারী। জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে চিতলমারী উপজেলাধীন ৬নং চরবানিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কাশিনাথ বৈরাগী। তিনি জানান, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং নাগরিক সেবা সহজলভ্য করার জন্য কাজ করতে চান। তাঁর লক্ষ্য হবে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সকল মানুষের জন্য একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধার সুষ্ঠু বণ্টন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এক সময়ের রাজপথের সাহসী সিপাহসালার কাশিনাথ বৈরাগী বলেন, “আমি রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে ব্যক্তিগত স্বার্থের মাধ্যম হিসেবে নয়, মানুষের সেবা করার দায়িত্ব হিসেবে দেখতে চাই। জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার বাস্তবসম্মত উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, জনগণের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চান। এলাকার সচেতন মহলের প্রত্যাশা, জনপ্রতিনিধিরা যেন ব্যক্তিগত প্রতিশ্রুতির চেয়ে বাস্তব কাজ, সততা ও জনসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেন।