বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

 মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক রাজশাহী ও রংপুর বিভাগ:বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসী ও তাঁর আত্মীয়সহ মোট আটজন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস জয়পুরহাটের আক্কেলপুরের দিকে যাচ্ছিল। পথে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসটির চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেরদৌস মণ্ডল (২৫) এবং বারাইল গ্রামের জুবায়দুল ইসলাম (৩০)।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।