রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

 

রোববার মস্কো থেকে এএফপি ক্রেমলিনের এক বিবৃতির বরাতে জানায়, পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক চিঠিতে খামেনির হত্যাকাণ্ডে ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন।

 

চিঠিতে পুতিন বলেন, এই হত্যা ‘মানবিক নৈতিকতার সব মানদণ্ড ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে নৈরাজ্যপূর্ণভাবে পরিচালিত হয়েছে।’

 

তিনি বলেন, খামেনি ‘একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় থাকবেন, যিনি রাশিয়া-ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ব্যক্তিগতভাবে বিরাট অবদান রেখেছেন।’

 

পুতিন পেজেশকিয়ানকে অনুরোধ করেন, যেন তিনি সর্বোচ্চ নেতার স্বজন, সরকার ও সমগ্র ইরানি জনগণের প্রতি তার আন্তরিক সমবেদনা ও সমর্থনের বার্তা পৌঁছে দেন।

 

ইউক্রেনে রাশিয়ার অভিযানের সময় তেহরান মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাশে ছিল। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান হামলার প্রাক্কালে ক্রেমলিন সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিল।

 

শনিবার রাশিয়া ইরানে হামলাকে ‘বিপজ্জনক দুঃসাহসিক অভিযান আখ্যা দিয়ে সতর্ক করে যে এটি আঞ্চলিক ‘মহাবিপর্যয়’ ডেকে আনতে পারে।

 

এদিনই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানি পক্ষের উদ্যোগে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।