কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ছ ওপেনএআই শুক্রবার ঘোষণা দিয়েছে যে তারা রেকর্ড ১১০ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সম্পন্ন করেছে। এতে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৩০ বিলিয়ন ডলার।

 

সানফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, সিলিকন ভ্যালির ইতিহাসে অন্যতম বৃহৎ এই বিনিয়োগ পর্বে জাপানি কনগ্লোমারেট সফ্টব্যাংক দিয়েছে ৩০ বিলিয়ন ডলার, চিপ নির্মাতা এনভিদিয়া দিয়েছে ৩০ বিলিয়ন ডলার এবং অ্যামাজন বিনিয়োগ করছে ৫০ বিলিয়ন ডলার। পরবর্তীতে আরও বিনিয়োগকারী যুক্ত হতে পারে বলে জানানো হয়েছে।

 

অর্থায়নের পাশাপাশি ওপেনএআই, অ্যামাজনের ক্লাউড শাখা এডব্লিউএস এবং এনভিদিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথাও ঘোষণা করেছে। এআই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উন্নত চিপের ক্ষেত্রে এনভিদিয়া বর্তমানে শীর্ষস্থানীয়।

 

এক বিবৃতিতে ওপেনএআই জানায়, সফ্টব্যাংক, এনভিদিয়া অ্যামাজন দীর্ঘমেয়াদি অংশীদার, যারা বৈজ্ঞানিক অগ্রগতিকে বৈশ্বিক পরিসরে মানুষের জন্য অর্থবহ সুবিধায় রূপ দিতে আমাদের লক্ষ্য ভাগাভাগি করে।’

 

বিশাল এই তহবিল সংগ্রহ এআই খাতে দ্রুত বাড়তে থাকা কম্পিউটিং ব্যয় এবং রাজস্ব দিয়ে সেই ব্যয় মেটানো যাবে কি না এমন প্রশ্নের প্রেক্ষাপটে এসেছে।

 

অ্যামাজনের বিনিয়োগের প্রথম ধাপে ১৫ বিলিয়ন ডলার দেওয়া হবে, পরবর্তীতে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আরও ৩৫ বিলিয়ন ডলার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

ওপেনএআই জানিয়েছে, বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৯০০ মিলিয়নের বেশি এবং অর্থপ্রদায়ী গ্রাহক রয়েছে ৫ কোটি। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস নতুন সাবস্ক্রিপশনের ক্ষেত্রে এ পর্যন্ত সবচেয়ে বড় সময় হতে যাচ্ছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

 

এ ছাড়া নয় মিলিয়নের বেশি ব্যবসা প্রতিষ্ঠান কর্মক্ষেত্রের কাজে চ্যাটজিপিটি ব্যবহার করতে অর্থ পরিশোধ করছে। তাদের কোডিং টুল ‘কোডেক্স’-এর সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা বছরের শুরু থেকে তিনগুণের বেশি বেড়ে ১৬ লাখে পৌঁছেছে।