চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। দুপুর ১টার দিকে খাতুনগঞ্জে এমইবি গ্রুপ অব কোম্পানিজের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ