কবি এস.পি.সেবু সিলেট থেকে : সিলেট | ১৬ নভেম্বর ২০২৬,রোজ সোমবার। সিলেট জেলার সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিল। জৈন্তাপুর উপজেলাকে নতুন পৌরসভায় উন্নীত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে সিলেট জেলায় পৌরসভার সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে দাঁড়াল। আর এই ঐতিহাসিক অর্জনের নেপথ্যে সবচেয়ে বড় কারিগর হিসেবে প্রশংসায় ভাসছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক সফল মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই সভায় বগুড়া জেলার মোকামতলা পৌরসভা গঠনসহ নতুন দুটি থানা স্থাপন, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। উন্নয়নের রূপকার আরিফুল হক চৌধুরীর দূরদর্শী নেতৃত্ব সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জৈন্তাপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের লক্ষ্যে শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করেন এলাকার অভিভাবক ও মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গত ২৫ ফেব্রুয়ারি তিনি জৈন্তাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) প্রদান করেন। এরপর তাঁর নিরলস তদারকি, মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই অত্যন্ত দ্রুততার সাথে প্রশাসনিক সকল ধাপ অতিক্রম করে প্রস্তাবটি নিকার সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করে। সাবেক সিসিক মেয়র হিসেবে নগর উন্নয়নে তাঁর যে বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে, তারই প্রতিফলন ঘটতে যাচ্ছে অবহেলিত এই সীমান্ত জনপদে—এমনটাই মনে করছেন স্থানীয় সুধীজন। আনন্দের জোয়ার ও স্থানীয়দের প্রতিক্রিয়া নিকার সভায় জৈন্তাপুর পৌরসভা অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো উপজেলাজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পাড়া-মহল্লা ও হাট-বাজারে সাধারণ মানুষ মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানাচ্ছেন। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "জৈন্তিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা। আমাদের প্রিয় নেতা, সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতার কারণেই আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা থাকলে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।" স্থানীয় এক প্রবীণ শিক্ষক ও সমাজসেবক বলেন, "আরিফুল হক চৌধুরী সিলেট নগরীকে যেভাবে তিলোত্তমা শহরে রূপান্তর করেছিলেন, ঠিক সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এখন জৈন্তাপুরকেও আধুনিক নাগরিক সুবিধার আওতায় নিয়ে আসছেন। জৈন্তাপুরের ইতিহাসে তাঁর এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা সরকারপ্রধান ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।" পৌরসভা গঠনের ধারাবাহিক প্রক্রিয়া ও সীমানা জৈন্তাপুর পৌরসভা গঠনের আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল কয়েক মাস আগেই। এর আগে গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানানো হয়। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশ করা হয়। চূড়ান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকা নিয়ে এই পৌরসভা গঠিত হচ্ছে। এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে। পৌরসভা অনুমোদনের মধ্য দিয়ে জৈন্তাপুরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিকল্পিত নগরায়ণের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ