আমিনুল শাহীন: 

 বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের উজিরপুরে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। সাধারণত শিক্ষক দিবসে শিক্ষার্থীরা শিক্ষকদের শুভেচ্ছা জানায়, কিন্তু গুঠিয়ায় ঘটলো উল্টোটা। শিক্ষকরাই ভালোবেসে শিক্ষার্থীদের জন্য করলেন বিশেষ আয়োজন।

রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুঠিয়া ইউনিয়নের একমাত্র বালিকা বিদ্যালয় মেহের নিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের উদ্যোগে ছাত্রীদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়। সকালে বিদ্যালয়ের সকল শিক্ষক নিজেরা চাঁদা তুলে রান্নার আয়োজন করেন। দুপুরে ক্লাসরুমেই সারি সারি বেঞ্চে বসে তৃপ্তি সহকারে বিরিয়ানি খায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন ও পারিবারিক পরিবেশ সৃষ্টি হয়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, "শিক্ষার্থীরাই আমাদের প্রাণ। ওদের মুখের হাসিই আমাদের সেরা প্রাপ্তি। শিক্ষক-শিক্ষার্থীর এই বন্ধন অটুট রাখতেই আমাদের এই ছোট্ট প্রয়াস।"

এমন ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।