চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং মো. রফিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার আবুল হাশেম বক্কর।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনী আপিল কমিটির চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর, আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার আবুল হাশেম বক্কর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত কমিটির সদস্যরা ভোটার ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি রিয়াজউদ্দিন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট উৎসবমুখর পরিবেশে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।