এস.এম. আব্দুর রাজ্জাক :
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০তম বছরে পদার্পণ করেছে। টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা পরিষদ উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালের ১১ জুলাই মধুপুর উপজেলা বিভক্ত করে ধনবড়ী উপজেলা গঠিত হয় এবং একই বছরের ৪ সেপ্টেম্বর এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া (তৎকালীন প্রধানমন্ত্রী)। ২০০৬ সালে মধুপুর উপজেলা থেকে পৃথক হয়ে স্বাধীন প্রশাসনিক ইউনিট হিসেবে যাত্রা শুরু করার পর, গত দুই দশকে শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নে অঞ্চলটিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। ঐতিহাসিক ধনবাড়ী নবাব প্যালেস ও প্রাচীন জামে মসজিদের ঐতিহ্য বহনকারী এই অঞ্চলটি বিগত ২০ বছরে একটি আধুনিক ও সুসংগঠিত উপজেলায় রূপ নিয়েছে। গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, প্রশাসনিক ভবন নির্মাণ এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে নাগরিকে সেবা পৌঁছে দেওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। ধান ও সবজি উৎপাদনে সমৃদ্ধ এই অঞ্চলের কৃষি খাত আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নতুন গতি পেয়েছে। উপজেলা গঠনের ২০তম বছরে প্রাপ্তির কথা তুলে ধরে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, উপজেলা ঘোষণার পর থেকে এলাকার প্রশাসনিক ও সামাজিক স্থিতিশীলতা যেমন বেড়েছে, তেমনি বাণিজ্যিকভাবেও ধনবাড়ী সদরের বিস্তার ঘটেছে। তবে আধুনিক স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানো, তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও অনেক কাজের বাকী রয়েছে। দুই দশক পূর্তির এই মাইলফলককে ঘিরে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং অতীত ও বর্তমানের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সুশীল সমাজ ও সাধারণ বাসিন্দাদের আশাবাদ, বিগত ২০ বছরের অর্জনকে ভিত্তি করে ধনবাড়ী আগামী দিনে একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও আধুনিক মডেল উপজেলা হিসেবে টাঙ্গাইল জেলার মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।