ধনবাড়ী (টাঙ্গাইল), প্রতিনিধি
আসন্ন টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জনপ্রিয় হাফেজ খায়রুল ইসলাম মুন্সি। আজ বিকেলে ধনবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চাতুটিয়া গ্রামে স্থানীয় মানুষের সঙ্গে এক আন্তরিক চায়ের আড্ডায় অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।
চায়ের আড্ডায় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে হাফেজ খায়রুল ইসলাম মুন্সি বলেন, "আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখে এবং সুস্থ রাখে, আমি ইনশাল্লাহ আসন্ন পৌর নির্বাচন করব। এটি আমার ব্যক্তিগত বা রাজনৈতিক আকাঙ্ক্ষা নয়, বরং মানুষের সেবা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।"
চায়ের আড্ডায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তার প্রতি ভালোবাসার বিষয়ে তিনি বলেন, "আমি যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। আমি তাদের এই ভালোবাসা ও বিশ্বাসের মূল্য দিতে চাই। মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার ইচ্ছাই আমার এই সিদ্ধান্তের মূল চালিকাশক্তি।"
তিনি আরও বলেন, পৌরসভা নির্বাচন শুধু একটি পদ নয়, বরং এলাকার উন্নয়ন এবং মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার একটি মাধ্যম। তিনি আশা করেন, তার এই সিদ্ধান্ত এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে এবং ধনবাড়ী পৌরসভাকে একটি উন্নত ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার পথে অগ্রণী ভূমিকা পালন করবে।
এই ঘোষণার মধ্য দিয়ে ধনবাড়ী পৌরসভা নির্বাচনের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেল। হাফেজ খায়রুল ইসলাম মুন্সি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং তার প্রতি মানুষের গভীর আস্থা ও ভালোবাসা রয়েছে। তার এই ঘোষণা এলাকার মানুষের মনে নতুন আশা জাগিয়ে তুলেছে। চায়ের আড্ডায় উপস্থিত মানুষের প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, তার প্রতি মানুষের সমর্থন ব্যাপক এবং আসন্ন নির্বাচনে তিনি এক বড় ভূমিকা পালন করবেন।