ডিজাইন: ইমেজ বন্ধ
সোমবার ৩১ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

বড় জয়েই এশিয়া কাপ শুরু বাংলাদেশের


মেয়েদের এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে নবাগত ইন্দোনেশিয়াকে৭১ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ দুবাইয়ে আগে ব্যাট করে সোবহানা মোস্তারির দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে স্বর্ণা আক্তারের ঝোড়ো ইনিংসে ৮ উইকেটে ১২৯ রান তোলেন নিগার সুলতানা জ্যোতিরা। জবাব দিতে নেমে মারুফা আক্তার, নাহিদ আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ইন্দোনেশিয়ার ব্যাটাররা। তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৫৮ রানে।

যদিও টস হেরে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি বাংলাদেশের শুরুর দিকের ব্যাটাররা। ইন্দোনেশিয়ার পেসারদের সুইং এবং মাপা লেন্থ সামলাতে গিয়ে শুরুতেই ধাক্কা খান জুয়াইরিয়া ফেরদৌস। ৭ বলে ৮ রান করে আউট হন তিনি। এরপর দিলারা আক্তার ও সোবহানা মিলে ইনিংস বড় করার চেষ্টা করেন। দিলারা ২৭ রান করলেও প্রত্যাশিত গতিতে রান তুলতে পারেননি। তার ৩১ বলের ইনিংসে ছিল চারটি চারের মার।

অন্য প্রান্তে সোবহানা ছিলেন বেশ দৃঢ়। পরিস্থিতির দাবি বুঝে একদিকে উইকেট ধরে রাখার  পাশপাশি রানের চালা সচল রাখেন। ধীরে ধীরে ইনিংসকে এগিয়ে নেওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত ৪২ বলে ৪০ রান করেন। মাঝের ওভারে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ নিয়মিত উইকেট হারাতে থাকে। অধিনায়ক জ্যোতি ১১ বলে ১০ রান করে ফেরেন। এরপর ফাহিমা খাতুন ৫ ও রাবেয়া খান ১ রান করে আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ দল। রিতু মনি ও নাহিদা আক্তার রানের খাতাই খুলতে পারেননি।

তবে ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা। হাতে থাকা অল্প কয়েকটি বলকে দারুণভাবে কাজে লাগিয়ে ইন্দোনেশিয়ার বোলারদের ওপর চড়াও হন তিনি। ৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে মাত্র ১৮ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন স্বর্ণা। ইন্দোনেশিয়ার নি আরিয়ানি সর্বাধিক তিনটি উইকেট নেন।

১৩০ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় ইন্দোনেশিয়া। তবে মারুফা ১৭ বলে ১৯ রানের ওপেনিং জুটি ভাঙলে আর সুবিধা করতে পারেনি প্রথমবার এশিয়া কাপে অংশ নেওয়া দলটি। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৮ রানে অলআউট হয় ইন্দোনেশিয়া। দলটির হয়ে একমাত্র দুই অঙ্ক স্পর্শ করেন ওপেনার মারিয়া কোরাজন (১২)। বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার নাহিদা ৩টি ও ডানহাতি পেসার মারুফা ২টি উইকেট নেন।