বগুড়ায় সওজের নতুন সড়ক জোন ও শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন, উপকৃত হবে উত্তরাঞ্চলের পাঁচ জেলা।
মোঃ শামসুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ: উত্তরাঞ্চলের সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হলো বগুড়ায়। সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য এতদিন রংপুরে যেতে হতো বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার সংশ্লিষ্টদের। সেই ভোগান্তি কমাতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন। একই দিনে উদ্বোধন করা হয়েছে করতোয়া নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতু।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি।নতুন এ সড়ক জোনের আওতায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম বগুড়া থেকেই পরিচালিত হবে। এতে রংপুরে যাতায়াতের প্রয়োজন কমবে এবং সড়ক উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উদ্বোধন শেষে সড়ক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
এরপর বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় করতোয়া নদীর ওপর নির্মিত শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, রেজাউল করিম বাদশা এমপি এবং মোশাররফ হোসেন এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ ফতেহ আলী সেতুটি বগুড়া জেলার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এর ফলে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের জেলা শহরে যাতায়াত সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য দ্রুত জেলা শহর ও দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা সম্ভব হবে।সংশ্লিষ্টরা জানান, সেতুটি চালুর মাধ্যমে পূর্বাঞ্চলের চার উপজেলার সঙ্গে বগুড়া শহরের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এতে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।