এস.এম. আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী (টাঙ্গাইল):
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হবিপুর বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে আনুমানিক ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং বিধিমালা ১৯৮৫-এর আওতায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে বুধবার হবিপুর বিলে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা অবস্থায় আনুমানিক ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং ভূমি ও মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।