কোরবানির ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সরকারি ছুটির দুই দিন আগে থেকেই যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ; যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে প্রায় ৩৫ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় সোয়া ৩ কোটি টাকা।
শনিবার যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকাল থেকে সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা বাড়তে থাকে। ঈদযাত্রায় যানবাহনের চাপ সামলাতে ও দ্রুত টোল আদায়ে শনিবার সকাল থেকে আরও চারটি বুথ বাড়িয়ে মোট ১৮টি টোল বুথ চালু করা হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে; যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। এর বিপরীতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজা দিয়ে উত্তরাঞ্চলগামী যানবাহন পারাপার হয়েছে ১৮ হাজার ৮৫৯টি। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। আর পশ্চিম টোল প্লাজা দিয়ে ঢাকাগামী যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ১০৭টি। বিপরীতে এক কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিরসনে ছয় শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত আছেন। যমুনা সেতুর পূর্বপাড় গোলচত্বরে সার্বক্ষণিক সিসি ক্যামেরা স্থাপন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে; ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে বলে আশাবাদী পুলিশ সুপার।