বীরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভুট্টা ক্ষেত কাটার অভিযোগ
মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভুট্টা ক্ষেত কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সোহেল রানা বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শীতলাই এলাকার মোঃ সোহেল রানার ক্রয়সূত্রে প্রাপ্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৪ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে তার জমিতে প্রবেশ করে জোরপূর্বক ভুট্টা ক্ষেত কেটে ফেলে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা তাকে ওই জমিতে চাষাবাদ করতে দেবে না বলেও হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নিকট আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।