ডিজাইন: ইমেজ বন্ধ
রবিবার ৩১ মে ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়ায় উৎসবের আমেজে পহেলা বৈশাখ পালিত, পাঁচ দিন ব্যাপী মেলার সূচনা।


বগুড়ায় উৎসবের আমেজে পহেলা বৈশাখ, পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য মেলার সূচনা

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:নতুন বছরের প্রথম দিনকে ঘিরে বগুড়াজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের রঙ। পহেলা বৈশাখ উপলক্ষে শহরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা, যেখানে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষকে কেন্দ্র করে বগুড়া সাংস্কৃতিক ফোরাম এবং জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ আয়োজন চলছে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বর ও পৌর পার্কে। সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়াও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, মেলার প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

এদিকে জেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সাতমাথা ও থানা মোড় ঘুরে শহীদ খোকন পার্কে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈশাখী সাজে অংশ নিয়ে উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।

মেলায় গ্রামবাংলার ঐতিহ্য উঠে এসেছে নানা আঙ্গিকে। শোভাযাত্রায় দেখা গেছে সাজানো পালকি, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি—যা পুরোনো দিনের স্মৃতিকে আবারও সামনে নিয়ে আসে। পাশাপাশি চলছে পালাগান, বাউল সংগীত, যাত্রাপালা, নাটক, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশুদের জন্য নানা সৃজনশীল প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা।

পৌর পার্কে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় প্রায় ৬০টি স্টলে স্থানীয় কারুশিল্পীদের তৈরি পণ্য, কৃষিপণ্য, বাঁশ-বেত-পাটের সামগ্রী, মাটির তৈজস, শোলার কাজ, শিশুদের খেলনা ও ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাচ্ছে।

শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে নাগরদোলা ও সাম্পান নৌকার ব্যবস্থা। সব মিলিয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে বগুড়ায় উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, যা শহরবাসীর মধ্যে এনে দিয়েছে এক ভিন্নরকম উৎসবের ।