ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

ঈদ পুনর্মিলনীতে জমে উঠল বগুড়া শহর বিএনপির নির্বাচনী সভা।


ঈদ পুনর্মিলনীতে জমে উঠল বগুড়া শহর বিএনপির নির্বাচনী সভা।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া শহর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে এক বর্ণাঢ্য নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোঃ রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণমানুষের সমর্থন অর্জনের জন্য মাঠে সক্রিয় থাকার উপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংগঠনের শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। তাই তাদের সক্রিয় অংশগ্রহণই নির্বাচনে সাফল্যের চাবিকাঠি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি। তিনি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বগুড়া শহর বিএনপির ২১টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।