ডিজাইন: ইমেজ চালু
রবিবার ৩১ মে ২০২৬

দৈনিক সময়কাল

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’, আগামী সপ্তাহে অস্ট্রিয়ায় পরবর্তী বৈঠক


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ এড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডে আয়োজিত সংলাপে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। বৃহস্পতিবার মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উভয় পক্ষ পরবর্তী দফার বৈঠক করবে আগামী সপ্তাহে অস্ট্রিয়ায়।

 

বার্তা সংস্থা এএফপি জানায়, ওমানের মধ্যস্থতায় এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বারবার হামলার হুমকি দিচ্ছেন। গত বৃহস্পতিবার তিনি তেহরানকে নতুন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন।

 

ইরান এই আলোচনায় কেবল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে চাইলেও যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমায় এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করে।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে। আমরা চুক্তির প্রাথমিক ধাপগুলোতে পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কথা বলেছি।’

 

তিনি জানান, পরবর্তী দফার বৈঠক সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার ভিয়েনায় জাতিসংঘের পারমাণবিক সংস্থার সঙ্গে কারিগরি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

 

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে।