যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে দেশে এক “যুগান্তকারী পরিবর্তনের” দম্ভোক্তি করেছেন। মূলত নিজের শোচনীয় জনমত জরিপকে উল্টে দিতে এবং গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে দেশ-বিদেশে বাড়তে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতেই তিনি এমন বক্তব্য দিয়েছেন।
সাম্প্রতিক জনমত জরিপে ভরাডুবির মধ্যেই মধ্যবর্তী নির্বাচনের আগে ঘরোয়া ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি এই বার্তা দেন। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গেলে রিপাবলিকানরা করতালি ও দাঁড়িয়ে অভিবাদনের মাধ্যমে ট্রামকে স্বাগত জানান। তবে অধিকাংশ ডেমোক্র্যাট আসনেই বসে থাকেন।
ট্রাম্প বলেন, ‘আমার প্রিয় আমেরিকানরা, আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বড়, ভালো, সমৃদ্ধ ও শক্তিশালী।’
দ্বিতীয় মেয়াদের প্রথম আনুষ্ঠানিক স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে তিনি দ্রুতগতির ও বিভাজন সৃষ্টিকারী প্রথম বছরের সাফল্য ভোটারদের সামনে তুলে ধরার চেষ্টা করেন।
৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট জনমত জরিপে এখনও অজনপ্রিয়। রিপাবলিকানদের আশঙ্কা, প্রতিনিধি পরিষদে তাদের অতি সামান্য সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের হাতে চলে যেতে পারে। তা হলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময় কার্যত অচল হয়ে পড়বে ও তৃতীয় দফা অভিশংসনের ঝুঁকিও তৈরি হতে পারে।
তবে ভাষণের শুরুতেই দৃঢ় অবস্থান নেন ট্রাম্প। তিনি বলেন, ‘মাত্র এক বছরে আমরা এমন পরিবর্তন এনেছি, যা আগে কেউ দেখেনি। এটি যুগান্তকারী ঘুরে দাঁড়ানো।’