স্বাধীন বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ প্রস্তুত হচ্ছে...
ডিজাইন: ইমেজ বন্ধ
সোমবার ০২ নভেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

জাকির হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, ৬ লাখ টাকা ছিনতাই জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির।


মোহাম্মদ রবিউল হোসেন : চট্টগ্রাম থেকে / চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, হত্যাচেষ্টা ও নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সোমবার (২ নভেম্বর) সকালে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর তিনপুলের মাথায় ব্যবসায়ী জাকির হোসেনের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁর কাছ থেকে নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নগরীর অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের একজন ব্যবসায়ীর ওপর এমন হামলার ঘটনায় ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ব্যবসায়ীদের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যবসায়ীরা যদি কর্মস্থল কিংবা চলাচলের পথে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হবে। তাই এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এদিকে, রিয়াজউদ্দিন বাজারের ৭২টি ব্যবসায়ী সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বণিক কল্যাণ সমিতির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী আব্বাস খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন রাজা চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ ফারুক শিবলীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।