নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক
(পলাশ পাল, নেত্রকোণা প্রতিনিধি)
নেত্রকোণায় ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ‘ফেয়ারডিল নিউ’ নামের ৫৬০ বোতল সিরাপসহ ফারুক মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মাদক, যানবাহন ও অন্যান্য আলামতের আনুমানিক মূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত পৌনে ২টা পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার সিধলী-নেত্রকোণাগামী পাকা সড়কের দিগজান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, দিগজান বাজার এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে নয়টি প্লাস্টিকের বস্তা থেকে ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫৬ লিটার সিরাপ ছিল। এর মধ্যে সাতটি সিমেন্টের বস্তায় ৪২০ বোতল এবং দুটি সাদা প্লাস্টিকের বস্তায় আরও ১৪০ বোতল রাখা ছিল বলে অভিযানের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আটক ফারুক মিয়া নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে। মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২ নম্বরের একটি সিঙ্গেল কেবিন পিকআপ, গাড়ির চাবি এবং একটি ডুয়েল-সিমের ওয়ালটন বাটন মুঠোফোনও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ‘ফেয়ারডিল নিউ’ ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্ট অভিযানের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় নিয়মিত মামলা করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মামলার পর ফারুক মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।