সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোশাহিদুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার বিকেলে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুর সঙ্গে অসদাচরণ ও বলাৎকারের অভিযোগ ওঠে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্ত করে। পরে রবিবার রাতে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।