নিজস্ব প্রতিবেদক,
১৪ বছর পর ভারতের মাটিতে পা রেখেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। গত ১৫ ডিসেম্বর ভারতের চারটি বড় শহর সফরের মধ্য দিয়ে শেষ হয় তার ‘গোট ইন্ডিয়া ট্যুর’। এই সফরের প্রধান আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। তবে সফরের প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা দেখা দেওয়ায় মেসি দেশে ফেরার আগেই গ্রেপ্তার করা হয় তাকে।
তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে শতদ্রু দত্ত জানিয়েছেন, ভারত সফরের জন্য মেসিকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয় ৮৯ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২১ কোটি টাকারও বেশি। এ ছাড়া ভারত সরকারকে কর হিসেবে দেওয়া হয় আরও ১১ কোটি রুপি। সব মিলিয়ে পুরো সফরের মোট ব্যয় দাঁড়ায় প্রায় ১০০ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই ১০০ কোটি রুপির মধ্যে প্রায় ৩০ শতাংশ অর্থ এসেছিল বিভিন্ন স্পনসর থেকে এবং আরও ৩০ শতাংশ আয় হয়েছিল টিকিট বিক্রির মাধ্যমে।
এদিকে, তদন্তকারীরা শতদ্রু দত্তের ফ্রোজেন ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটির বেশি রুপি পেয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) তার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথি জব্দ করা হয়েছে। তবে শতদ্রুর দাবি, এই অর্থ কলকাতা ও হায়দরাবাদের মেসি ইভেন্টের টিকিট বিক্রি এবং স্পনসরদের কাছ থেকে পাওয়া অর্থ। বিষয়টি যাচাই করে দেখছেন তদন্তকারীরা।