ধনবাড়ী (টাংগাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০তম বছরে পদার্পণ করেছে। ২০০৬ সালে মধুপুর থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করা এই উপজেলার দুই দশক পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন উপস্থিত থেকে আধুনিক ধনবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত মূল আলোচনা সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “বিগত ২০ বছরে ধনবাড়ী যে কাঠামোগত ও প্রযুক্তিগত উন্নয়ন দেখেছে, তা একটি স্বাধীন প্রশাসনিক ইউনিট হিসেবে এর অভাবনীয় সফলতার প্রমাণ। নাগরিক সেবা আজ ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছেছে। আমাদের লক্ষ্য এখন কেবল উন্নয়ন নয়, বরং প্রযুক্তিভিত্তিক 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের ধারায় ধনবাড়ীকে যুক্ত করা। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ধনবাড়ী আগামী দিনে একটি বৈষম্যহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর মডেল উপজেলা হিসেবে টাঙ্গাইল জেলার মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী, সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ এম আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এলামুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম স্বপন-সহ উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপজেলার দুই দশক পূর্তির এই মাইলফলককে ঘিরে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় অডিটোরিয়ামে 'অতীত ও বর্তমানের উন্নয়ন' শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে বিগত ২০ বছরের গ্রামীণ রাস্তাঘাট, কৃষি, শিক্ষা এবং ডিজিটালাইজেশনের চিত্র তুলে ধরে একটি তথ্যচিত্র ও প্রদর্শনীর আয়োজন করা হয়।