ডিজাইন: ইমেজ চালু
সোমবার ২৪ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার


নিজস্ব প্রতিবেদক

মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। আজ সোমবার হাইকোর্টে এ বিষয়ে শুনানি শেষ হয়েছে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করেন। এর আগে গতকাল রবিবার হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হয়। তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক শুনানি করেন। গত ১১ আগস্ট একই বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করার আগে উচ্চ আদালতের অনুমোদন নিতে হয়। এ জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়।অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়। নারী ও শিশু নির্যাতনের কয়েকটি নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের মামলায় মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য গত ১০ জুন বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়।প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ওই বেঞ্চ গঠন করেন। বিশেষ বেঞ্চে মামলাগুলো পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়ে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।