ডিজাইন: ইমেজ চালু
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী এসোসিয়েশন ও ভুক্তভোগী গ্রাহকদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: 

নগরীর আগ্রাবাদস্থ ‘দ্য গ্রীন শ্যাডো রুফটপ রেস্টুরেন্টে’ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী এসোসিয়েশন ও ভুক্তভোগী গ্রাহকদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীদের বিদ্যমান সমস্যা, দুর্ভোগ এবং সংকট নিরসনে ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মু. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাজী জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমানতকারীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। সভায় বক্তারা ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থবিরোধী ২০২৪ ও ২০২৫ সালের ‘হেয়ারকাট’ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত প্রত্যাহার এবং উদ্ভূত আর্থিক সংকট নিরসনে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি এবং টেরীবাজার সমিতি, চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান। বক্তারা আমানতকারীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত সমাধান বাস্তবায়নের ওপর জোর দেন।

​অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি শারমিন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক ভুক্তভোগী আমানতকারী নারী-পুরুষ অংশ নেন এবং ব্যাংক থেকে আমানত উত্তোলনে নিজেদের দৈনন্দিন ভোগান্তি ও দুশ্চিন্তার চিত্র তুলে ধরেন।