ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৫ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়ায় উন্নয়ন বিষয়ক সেমিনারে টুকু: উত্তরাঞ্চলের সুষমোন্নয়নে কাজ করছে সরকার।


বগুড়ায় উন্নয়ন বিষয়ক সেমিনারে টুকু: উত্তরাঞ্চলের সুষম উন্নয়নে কাজ করছে সরকার

মোঃ শামসুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ।বগুড়ায় ‘উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ ইতিহাসকে নিজেদের সুবিধামতো উপস্থাপন করেছে এবং উত্তরাঞ্চলকে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে।

শনিবার বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে শহরের মমইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদ্রিস।

প্রধান অতিথির বক্তব্যে টুকু বলেন, উত্তরাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট, শিল্পায়নের ধীরগতি ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা দূর করতে সরকার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল বৈষম্য দূর করা। কিন্তু স্বাধীনতার পর বৈষম্য আরও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা এবং দেশজুড়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এছাড়া বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটা. ডা. মতিউর রহমান ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন শিক্ষক ও গবেষক অংশ নেন।