নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্যে ৪৫টি চারাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাইটকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহ আলম বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, বিবাদীপক্ষও রাতের আঁধারে তাদের সীমানা প্রাচীর ভাঙচুরের পাল্টা অভিযোগ তুলেছেন।
যেভাবে ঘটনার সূত্রপাত: স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইটকা মৌজার ২২৩ নং খতিয়ানের ১১ জন মালিকের অন্যতম মকবুল ইসলাম পিতা মৃত ইসমাইল সাংপাইটকা তিনি তার নিজস্ব অংশ হতে ১ শতাংশ জমি (দাগ নং- ৪৬৫) গত ১৬/০৩/২০১৬ ইং তারিখে সাব-কবলা দলিল মূলে একই গ্রামের মো. রফিজ উদ্দিন ও মো. শাহ আলমের নিকট বিক্রি করেন। বিক্রয়ের পর হাত-নকশা মূলে ক্রেতাদের জমির দখল বুঝিয়ে দেওয়া হয় এবং সেই থেকে তারা নিজ আয়ত্তে রেখে জমিটি ব্যবহার করে আসছিলেন। পরবর্তীতে ওই খতিয়ানের অন্য অংশীদার মো. মোবারক হোসেন ৫ শতাংশ জমি দাবি করে রফিজ উদ্দিনের পিতাকে বিবাদী করে আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বাদীর (মোবারক) পক্ষে রায় প্রদান করেন। রায় পেয়ে তারা তাদের অংশের জমি বুঝে নিয়ে দখলে রাখেন। গাছ কাটার অভিযোগ: জমির অংশ বুঝিয়ে নেওয়ার পরও বিরোধ পুরোপুরি মীমাংসা হয়নি। ভুক্তভোগী মো. শাহ আলম (পিতা- মৃত শামছুল হক) অভিযোগ করেন, শনিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষ আকবর হোসেন, মোবারক হোসেন (পিতা- মুনতাজ আলী), শামছুল (পিতা- নছুম উদ্দিন), নূরে, মজনু, হালিম, মকবুল, ছমেদ আলী, আলামিন,রাজিবসহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তার বসতভিটায় লাগানো অন্তত ৪৫টি চারাগাছ প্রকাশ্যে দিবালোকে কেটে ফেলে। এছাড়াও, অভিযুক্তরা পার্শ্ববর্তী ৩২২ নং খতিয়ানের ৪৬৬ ও ৪৬৭ নং দাগের জমির মালিক সিরাজ আলীর ছেলে-মেয়েদের অংশের গাছপালাও কেটে ধ্বংস করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। গাছ কাটার এই ঘটনায় শাহ আলম বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতিপক্ষের পাল্টা অভিযোগ: এদিকে, চারাগাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিবাদীপক্ষ গাছ কাটার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও তারা একটি পাল্টা অভিযোগ তুলেছেন। তাদের দাবি, গাছ কাটার এই ইস্যুকে কেন্দ্র করে রাতের অন্ধকারে কে বা কাহারা তাদের জমির বাউন্ডারি (সীমানা প্রাচীর) ভেঙে ফেলেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রতিকারের দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ধনবাড়ী থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।