বগুড়ায় সাংবাদিকদের আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান
মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্রে জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতিতে পড়ত না।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য নেওয়া এই উদ্যোগ কোনো অনুগ্রহ বা দয়া নয়। এটি গণমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর করার একটি প্রয়াস। তিনি জানান, বগুড়ার মানুষ দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো চিহ্নিত করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আধুনিক বিশ্বে গণমাধ্যম ছাড়া উন্নয়ন ও অগ্রগতি কল্পনা করা যায় না। গণতন্ত্রকে শক্তিশালী রাখতে এবং রাষ্ট্রের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। সে কারণে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সময়ের প্রয়োজন অনুযায়ী গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও আধুনিক করতে প্রয়োজনীয় সংস্কার আনার কথাও বলেন।
মন্ত্রী বলেন, সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সাংবাদিকদের দেওয়া এই অর্থ কোনো অনুদান নয়; এটি তাদের ন্যায্য প্রাপ্য। গত ১৭ বছরে সাংবাদিকরা স্বৈরাচারের বিরুদ্ধে কলমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাংবাদিক নেতা গণেশ দাসসহ অন্যান্যরা।
এ সময় রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।