ডিজাইন: ইমেজ চালু
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে মিলল ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১


মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক: কক্সবাজার থেকে গাইবান্ধায় ইয়াবা পাচারের অভিযোগে বগুড়ায় এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল এলাকায় এভারগ্রীন পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তির নাম বিপ্লব ইসলাম (২৮)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নয়মাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন অধিদপ্তরের সদস্যরা। এ সময় কক্সবাজার থেকে পঞ্চগড়গামী এভারগ্রীন পরিবহনের একটি স্লিপার বাসে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসের এ-ফোর নম্বর সিঙ্গেল কেবিনের এসি এয়ার ভেন্টের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৩টি জিপার ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগগুলো খুলে প্রতিটিতে ২০০টি করে মোট ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই কেবিনের যাত্রী বিপ্লব ইসলামকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার চালানটি কক্সবাজার থেকে গাইবান্ধায় নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার বিপ্লব ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।