এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক: এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সাধারণ শিক্ষায় বারবার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। চতুর্থ শ্রেণি থেকেই পাঠ্যক্রমের পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী, প্রতিটি শিশুকে শিক্ষিত করার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে যোগ্য করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে বেলা ১২টায় পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করা ৬১২ কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।
নবীন শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকস্বল্পতা দূর করার পাশাপাশি গ্রামাঞ্চলে কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রশ্ন করার পরিবেশ তৈরি এবং পাঠদানে গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারি কলেজগুলো সাধারণ মানুষের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর দেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং অপচয় রোধের আহ্বান জানান।
অনুষ্ঠানে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।