ডিজাইন: ইমেজ চালু
মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

নাশকতার মামলায় চট্টগ্রামের হাটহাজারি ইউনিয়ন ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল মনছুর গ্রেপ্তার


চট্টগ্রামে নাশকতাসহ একাধিক মামলায় অভিযুক্ত কৃষক লীগ নেতা ও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল মনছুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আবুল মনছুরকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। পুলিশের ভাষ্য, গত ১৮ জুন জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবুল মনছুর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অর্থ ব্যয় করে বিভিন্ন কর্মসূচি আয়োজনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আবুল মনছুর বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য। তাঁর বিরুদ্ধে নগরের বাকলিয়া ও চান্দগাঁও থানার পাশাপাশি হাটহাজারী থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।