রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু।
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) তিনটি উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর সিটি হাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ফলকগুলো উন্মোচন করেন।
রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদকালে নেওয়া এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপনের মধ্য দিয়ে নগরীর উন্নয়ন ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
যেসব প্রকল্পের ফলক পুনঃস্থাপন
রাসিক সূত্রে জানা গেছে, পুনঃস্থাপিত পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক তিনটি উন্নয়ন প্রকল্পের স্মারক। এর মধ্যে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি।
ওই দিন তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান নগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্পের আওতায় স্থাপিত তিনটি ফলক ছিল ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় এবং সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে।
একই দিনে নগরীর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহীর জলাবদ্ধতা নিরসনে নর্দমা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান।
অন্যদিকে, ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
প্রকল্পগুলোর উদ্যোগ তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদকালে নেওয়া হয়েছিল। তবে বিগত সরকারের আমলে এসব প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক মুছে ফেলা হয়েছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপন ও উন্মোচনের মধ্য দিয়ে রাজশাহীর নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো আবারও দৃশ্যমান হলো।